অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে তিনি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন র্যাব মহাপরিচালক (ডিজি)। তিনি জানান, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে ইনার ও আউটার প্যারিমিটারে ভাগ করে সুবিন্যস্ত করা হয়েছে। প্রতিটি সেক্টরে র্যাবের ফুট পেট্রল বা হেঁটে টহল দেওয়ার পাশাপাশি নিয়মিত গাড়ির পেট্রল এবং যে কোনো জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক কাজ করবে। এ ছাড়া প্রযুক্তিগত নজরদারির অংশ হিসেবে পুরো এলাকাকে ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যা একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে ২৪ ঘণ্টা মনিটরিং করা হবে।
র্যাব মহাপরিচালক আরও জানান যে, নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এরই মধ্যে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পুরো এলাকায় প্রয়োজনীয় সুইপিং বা তল্লাশি কার্যক্রম সম্পন্ন করেছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স এবং বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই বা বিশেষ প্রস্তুতিতে থাকবে। পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতাদের পুষ্পস্তবক অর্পণের সময় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল ও নিশ্ছিদ্র পাহারার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
কেবল রাজধানী ঢাকা নয়, বরং দেশব্যাপী ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব ডিজি। তিনি বলেন, “অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
-লামিয়া আক্তার










