যুক্তরাষ্ট্রে দাম কমালো টেসলা

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ইনকর্পারেট যুক্তরাষ্ট্রের বাজারে তাদের সবচেয়ে দামী সাইবারট্রাক মডেল সাইবারবিস্ট (Cyberbeast)-এর মূল্য কমিয়েছে। কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মডেলটির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৯,৯৯০ মার্কিন ডলার, যা আগে ছিল ১,১৪,৯৯০ ডলার।

মূল্য হ্রাসের পাশাপাশি টেসলা তাদের পূর্বে যুক্ত করা “লাক্স প্যাকেজ” (Luxe Package) সুবিধা বাতিলের ইঙ্গিত দিয়েছে। এই প্যাকেজে সুপারভাইজড ফুল সেলফ-ড্রাইভিং (Supervised Full Self-Driving) সুবিধা এবং সুপারচার্জার নেটওয়ার্কে বিনামূল্যে চার্জিংয়ের সুযোগ অন্তর্ভুক্ত ছিল। গত বছরের আগস্টে সাইবারট্রাকের দাম বাড়ানোর সময় এই প্যাকেজ সংযোজন করা হয়েছিল।

তবে সাইবারট্রাকের অন্যান্য মডেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানা গেছে। এর আগে চলতি মাসেই টেসলা তাদের জনপ্রিয় মডেল ওয়াই (Model Y) এসইউভির নতুন অল-হুইল ড্রাইভ (AWD) সংস্করণ বাজারে আনে। নতুন এই ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৪১,৯৯০ ডলার, যা স্ট্যান্ডার্ড রিয়ার-হুইল ড্রাইভ সংস্করণের চেয়ে উচ্চমূল্যের।

বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের কৌশলের অংশ হিসেবে টেসলা বিভিন্ন ট্রিম ও ভ্যারিয়েন্টের মাধ্যমে তুলনামূলক কম দামে গাড়ি বাজারে এনে ক্রেতাদের আকৃষ্ট করতে চাইছে। নতুন গণমুখী (mass-market) মডেল উন্মোচনের অপেক্ষায় না থেকে, বিদ্যমান মডেলগুলোর এন্ট্রি প্রাইস কমিয়ে মূল্যসংবেদনশীল ক্রেতাদের টার্গেট করাই এখন কোম্পানিটির প্রধান লক্ষ্য।

বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং বৈদ্যুতিক গাড়ির চাহিদায় ওঠানামার প্রেক্ষাপটে টেসলার এই মূল্য হ্রাস সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

সাবরিনা রিমি/