বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মাদারীপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি কে এম তোফাজ্জেল হোসেন ছান্টুর নেতৃত্বে–মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ মাদারীপুর-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক– হাবিব মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল মেয়াদকাল কামনা করেন।
সাক্ষাৎকালে জেলার সড়ক পরিবহন খাতের সার্বিক পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা রক্ষা এবং মালিক-শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নব-নির্বাচিত এমপির সার্বিক সহযোগিতায় মাদারীপুর জেলার সড়ক পরিবহন খাত আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে।
নব-নির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেলার উন্নয়ন ও গণপরিবহন ব্যবস্থার মানোন্নয়নে তিনি সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।
হাবিবুর রহমান সুমন,মাদারীপুর










