ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নম্বর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার বিজয়ের পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্থানীয় চাকমা সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী ফলাফলকে ঘিরে পার্বত্য এলাকায় সম্প্রীতি ও সমন্বয়ের বার্তাই ছিল আয়োজনের মূল প্রতিপাদ্য।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নকশী পল্লী অ্যান্ড কফি হাউজে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, এই বিজয় কোনো একক গোষ্ঠীর নয়; পাহাড়ি-বাঙালি সকলের অংশগ্রহণে গণমানুষের রায়ই প্রতিফলিত হয়েছে। তিনি নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে চাকমা সম্প্রদায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শান্তিপ্রিয় চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা এবং জিয়া পরিষদ নেতা ত্রিনয়ন চাকমা। বক্তারা বলেন, নির্বাচনের পর পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার চাকমা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে শান্তি, উন্নয়ন ও সহাবস্থানের পরিবেশ সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি










