কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ধর্ষণের অভিযোগে বগুড়া পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে হিরো আলমকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হলে, বিচারক আনোয়ারুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, হিরো আলম সাদিয়া রহমান মিথিলা নামের এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেছেন। পরে বিয়ে করতে অস্বীকার করলে মিথিলা গত বছরের ২১ এপ্রিল মামলা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তারের পর হিরো আলমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
-বেলাল










