ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ১২ লাখ ছাড়াল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১২ লাখ ১৮ হাজার ৮৯৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইসি জানিয়েছে, প্রথমবারের মতো চালু হওয়া এই আধুনিক পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধিতদের মধ্যে ১০ লাখ ৫২ হাজার ১৩৮ জন পুরুষ এবং ১ লাখ ৬৬ হাজার ৭৫৩ জন নারী ভোটার রয়েছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মোট নিবন্ধিতদের মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৭৫৩ জন দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন। এই তালিকায় সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা রয়েছেন। বাকি ৬ লাখ ৮৮ হাজার ১৪০ জন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা এই সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময়সীমা গত ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও ভোটারদের ব্যাপক আগ্রহের কারণে তা বাড়ানো হয়েছে। গত ৩০ ডিসেম্বর এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিবালয় এই সময়সীমা আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দেয়। যারা এখনো নিবন্ধন করেননি, তারা এই সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
ইসি সূত্রে জানা গেছে, অ্যাপে সফলভাবে নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা সেই ব্যালটে ভোট দিয়ে ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। আইটি সাপোর্টেড এই ব্যবস্থায় ভোটাররা তাদের ব্যালট পেপারের অবস্থানও ট্র্যাক করতে পারবেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এবার প্রায় ৫০ লাখ প্রবাসী বাংলাদেশিকে ভোটের মূল ধারায় সম্পৃক্ত করার টার্গেট নিয়ে কাজ করছে সংস্থাটি। সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপ-আমেরিকার দেশগুলোতে নিবন্ধনের হার বেশ আশাব্যঞ্জক বলে জানিয়েছে ইসি সংশ্লিষ্টরা।
নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, পোস্টাল ব্যালটের এই ডিজিটাল উদ্যোগ বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে, যা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
-এম. এইচ. মামুন