চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ: ৫ শিশুসহ ১২ জন নিহত

ছবিঃ সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের জিনপু গ্রামে চান্দ্র নববর্ষ উদযাপনের সময় একটি আতশবাজি বিক্রির দোকানে বিস্ফোরণে পাঁচ শিশুসহ মোট ১২ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন দোকানের মালিক বলে ধারণা করা হচ্ছে, বাকি ১১ জন ছিলেন ক্রেতা। দুর্ঘটনার সময় দোকানে প্রবেশকারী তিনজন ক্রেতা প্রায় ৭৮০ কিলোমিটার দূরের চেংডু শহর থেকে স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

বিস্ফোরণের পর ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং নিহত সকলের পরিচয় নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পুলিশ এই ঘটনায় বিস্ফোরণের কারণ তদন্ত করছে।

চীনে চান্দ্র নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানোর প্রচলন রয়েছে। যদিও নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশের বড় শহরগুলোতে আতশবাজি ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, গ্রামীণ এলাকায় এই প্রথা এখনও খুবই জনপ্রিয়। ফলে ছুটির সময়ে এমন প্রাণঘাতী দুর্ঘটনা নিয়মিতই ঘটে থাকে।

এটি দেশের সাম্প্রতিকতম আতশবাজি বিস্ফোরণ নয়; গত রোববার পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি দোকানে বিস্ফোরণে আট জন নিহত ও দুই জন আহত হন।

-বেলাল