রমজানেই আসছে ফ্যামিলি কার্ড: সুবিধা পাবে মধ্যবিত্তও

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে বড় পদক্ষেপ নিয়েছে নবনিযুক্ত সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই রমজান মাসেই অর্থাৎ ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প (পরীক্ষামূলক) হিসেবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী চান অন্তত ঈদের আগেই এটি শুরু করতে। আজ আমরা এটি কার্যকরের মেকানিজম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।”

ফ্যামিলি কার্ডের আওতা নিয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, এটি মূলত একটি সার্বজনীন প্রকল্প হতে যাচ্ছে। এখানে কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না।  তবে সুষ্ঠু বণ্টনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমিক বাস্তবায়নে প্রথমেই হতদরিদ্র পরিবারগুলোকে প্রাধান্য দেওয়া হবে। এরপর মধ্যবিত্তের অন্তর্ভুক্তি পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকেও এই কার্ডের সুবিধার আওতায় আনা হবে।

নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি অন্যতম অগ্রাধিকার ছিল। সম্প্রতি সিপিবির পক্ষ থেকে বলা হয়েছিল যে, আগামী অর্থবছরের মধ্যে এটি চালু না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটি চালু হওয়া নিয়ে কোনো সংশয় নেই। আমরা এখন শুধু এর ডিজিটাল কার্যক্রম বা মেকানিজম কীভাবে শুরু করা যায়, তা নিয়ে কাজ করছি।”

বিশেষজ্ঞদের মতে, রমজানের শুরুতে যেভাবে মাছ, মাংস ও লেবুর দাম বেড়েছে, তাতে এই ফ্যামিলি কার্ড চালু হলে সুলভ মূল্যে পণ্য পাওয়ার মাধ্যমে সাধারণ মানুষ বড় ধরনের আর্থিক সুরক্ষা পাবে। কার্ডের মাধ্যমে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাশ্রয়ী মূল্যে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লামিয়া আক্তার