ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলার শুক্লাগঞ্জের সপ্রু ক্রিকেট মাঠে বুধবার স্থানীয় দুটি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচ চলাকালীন এক দুর্ঘটনা ঘটেছে। খেলার সময় আচমকা মাঠে একঝাঁক মৌমাছি হানা দেয়, যা শেষ পর্যন্ত ৬৫ বছর বয়সি আম্পায়ার মানিক গুপ্তের প্রাণ কেড়ে নেয়।
খেলার দায়িত্বে ছিলেন মানিক গুপ্তা এবং জগদীশ শর্মা নামে দুইজন আম্পায়ার। মাঠে থাকা ক্রিকেটাররা দ্রুত নিরাপদ স্থানে সরে গেলেও, তুলনামূলকভাবে বয়স্ক আম্পায়াররা দ্রুত পালাতে পারেননি। সাদা পোশাক পরায় সম্ভবত মৌমাছির আকর্ষণ আরও বেশি ছিল। প্রায় দশ মিনিট ধরে মৌমাছিরা দুই আম্পায়ারের চারপাশে ঘুরে কামড় দিয়েছিল।
দুই আম্পায়ারকে দ্রুত উন্নাওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক গুপ্তের মৃত্যু হয়। অপর আম্পায়ার জগদীশ শর্মা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। একাধিক ক্রিকেটারও হামলার ফলে অসুস্থ হয়েছেন।
মৃত মানিক গুপ্ত কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনে (কেসিএ) রেজিস্ট্রার্ড ছিলেন এবং প্রায় ৩০ বছর ধরে কেসিএ’র সঙ্গে যুক্ত ছিলেন। কেসিএর চেয়ারম্যান সঞ্জয় কাপুর তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, ক্রিকেট মাঠে আগে অনেকবার মৌমাছির হামলার ঘটনা ঘটলেও এত ভয়াবহ পরিস্থিতি আগে দেখা যায়নি।
-এমইউএম










