সমালোচনার জবাবটা তিনি মাঠে দিয়েছেন, এবার কথাতেও ছাড়লেন না শাদাব খান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে সাবেক ক্রিকেটারদের কড়া মন্তব্যের পর অবশেষে মুখ খুলেছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার।
গত রোববার কলম্বোতে ভারতের কাছে হারের পর শহীদ আফ্রিদি প্রকাশ্যে বলেন, বাজে পারফরম্যান্সের কারণে বাবর আজম, শাহিন আফ্রিদি ও শাদাব খানকে একাদশের বাইরে রাখা উচিত। একই সুরে মোহাম্মাদ ইউসুফ মন্তব্য করেন, বর্তমান প্রজন্মের সময় শেষের পথে; এখন বেঞ্চ শক্তি যাচাই ও তরুণদের সুযোগ দেওয়ার সময়।
বুধবার নামিবিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে শাদাব সরাসরি জবাব দেন। তিনি বলেন, “সাবেকরা দেশের জন্য অনেক অবদান রেখেছেন, তবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে তারা জিততে পারেননি। বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের একমাত্র জয় ২০২১ সালে। তারা কিংবদন্তি, এতে সন্দেহ নেই। কিন্তু ভারতের বিপক্ষে বিশ্বকাপে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।”
২০২১ সালে আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ১০ উইকেটে ভারতকে হারায়। এটি ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।
নামিবিয়ার বিপক্ষে ম্যাচে শাদাব ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৩৬ রান করেন, বল হাতে নেন ৩ উইকেট এবং একটি ক্যাচ, সব মিলিয়ে ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার।
সমালোচনা নিয়ে তিনি বলেন, “সমালোচনা নিয়ন্ত্রণ করা যায় না। সবাই নিজের মতো ভাববে। ফিরে আসার পর একটি ওভার খারাপ গিয়েছিল, সেটার জন্য এত কথা। আমাকে কিছু প্রমাণ করতে হবে না।”
শাদাব আরও যোগ করেন, “টি-টোয়েন্টিতে খারাপ দিন আসতেই পারে। রান দিতেও পারেন, আবার উইকেটও নিতে পারেন। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটাতেই মন দিই।”
-এমইউএম










