ওয়েলকাম ব্যাক: সৈয়দা রিজওয়ানা হাসানকে বরণ করে নিল বেলা

রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালন শেষে নিজের চিরচেনা কর্মস্থল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিতে (বেলা) ফিরে গেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবাদী ও অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বেলার প্রধান কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলার পক্ষ থেকে তাদের অফিসিয়াল বার্তায় সৈয়দা রিজওয়ানা হাসানকে প্রাণঢালা স্বাগত জানানো হয়েছে। সংস্থাটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে: “সৈয়দা রিজওয়ানা হাসানকে তার আপন ঠিকানায় স্বাগত জানাতে পেরে বেলা অত্যন্ত আনন্দিত। তার নেতৃত্বে আমাদের এই দল আরও শক্তিশালী হবে এবং পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় বেলার অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন রিজওয়ানা হাসান। দীর্ঘ ১৮ মাসের দায়িত্বকালে তিনি পলিথিন নিষিদ্ধকরণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং দেশের নদ-নদী রক্ষায় বেশ কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক প্রশংসিত হন। গত ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তার সরকারি মেয়াদের সমাপ্তি ঘটে।
পেশায় আইনজীবী রিজওয়ানা হাসান বেলার প্রধান নির্বাহী হিসেবে দীর্ঘ সময় ধরে পরিবেশ রক্ষায় আইনি লড়াই চালিয়ে আসছেন। উপদেষ্টার পদ ছাড়ার পরপরই তিনি তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন এবং কোনো বিরতি ছাড়াই পুনরায় পরিবেশ আন্দোলনে সক্রিয় হয়েছেন। বেলা আশা প্রকাশ করছে, তার অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে সংস্থাটি আগামীতে পরিবেশগত অধিকার আদায়ে নতুন উচ্চতায় পৌঁছাবে।
লামিয়া আক্তার