নেত্রকোণা প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নেত্রকোণা শহরের বিভিন্ন বাজারে জেলা প্রশাসন মনিটরিং জোরদার করেছে। একই সঙ্গে শহরের যানজট কমাতে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৌরসভার সামনে থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এবং পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামান, নেত্রকোণা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ দিদারুল আলম, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানকালে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় দোকানে স্পষ্টভাবে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার জন্য এবং ভেজাল পণ্য বিক্রি ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে সতর্ক থাকার জন্য। এ সময় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমানোর জন্য ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয় এবং সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং ও আইনশৃঙ্খলা রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন এবং স্বস্তিতে চলাচল করতে পারেন।










