বর্ণাঢ্য সাজে সাঝে ইসিবি চত্বর: তীব্র জ্যামে নাকাল তারেক রহমানের ঢাকা সফর

সারাদেশে নির্বাচনী ঝটিকা সফর শেষ করে রোব্বার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টা পেরিয়ে গেলেও তীব্র যানজটের কারণে তিনি এখনও ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে পৌঁছাতে পারেননি। বেলা ২টায় এই পথসভা শুরু হওয়ার কথা থাকলেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নেতাকর্মীরা তাঁদের নেতার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।জ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ মোট ৬টি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। প্রথম সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা তার নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে। দুপুরের আগে থেকেই এই এলাকায় হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের পরনে রঙিন টি-শার্ট, মাথায় দলীয় প্রতীক খচিত ক্যাপ এবং হাতে ধানের শীষের ফেস্টুন ও জাতীয় পতাকা থাকায় পুরো এলাকা উৎসবমুখর রূপ নিয়েছে। কিন্তু আশপাশের প্রধান সড়কগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপের ফলে সৃষ্ট যানজটে তারেক রহমানের গাড়িবহর আটকে যায়।

পথসভা সফল করতে ইসিবি চত্বরে একটি অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখান থেকেই তারেক রহমান ভোটারদের উদ্দেশে তার নির্বাচনী বক্তব্য দেবেন। দীর্ঘ প্রতীক্ষার মাঝেও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে; তারা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে রাখছেন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং যানচলাচল স্বাভাবিক করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

ইসিবি চত্বরের পথসভা শেষ করে তারেক রহমানের ঢাকা-১৬ (পল্লবী), ঢাকা-১৫ (মিরপুর-১০), ঢাকা-১৪ (ন্যাশনাল বাংলা স্কুল গেট), ঢাকা-১৩ (শ্যামলী) এবং ঢাকা-১১ (বাড্ডা) আসনের পথসভাগুলোতে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে প্রথম সভাতেই বিলম্ব হওয়ায় পরবর্তী সভাগুলোর সময়সূচিতে বড় ধরণের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

-লামিয়া আক্তার