রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক: মির্জা ফখরুল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তথ্যটি দিয়েছে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

ফখরুলের বাণীতে বলা হয়, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা রাখা। পবিত্র মাসে একজন রোজাদার আল্লাহর কাছে করুণা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন।

তিনি উল্লেখ করেন, রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় মাস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, “রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।” এ কারণে এ মাসের বিশেষ গুরুত্ব অনেক বেশি।

বাণীতে আরও বলা হয়, রমজান ইবাদতের বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ দূর হয় এবং আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র তৈরি হয়। মাসটির মূল উদ্দেশ্য হলো পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।

মির্জা ফখরুল সবাইকে মাহে রমজানে সুখ, শান্তি ও কল্যাণের জন্য শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।

-এমইউএম