মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও অঞ্চলের মতো ফিলিস্তিনেও মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী সন্ধ্যার পর মুসলিমরা চলতি বছরের প্রথম তারাবি নামাজ আদায় করেছেন। ফিলিস্তিনের আল আকসা মসজিদ, ইসলাম ধর্মের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ, মঙ্গলবার মুসল্লিদের উপচেপড়া ভিড়ে পরিপূর্ণ ছিল। আনাদোলু এজেন্সি জানায়, প্রথম তারাবিতে ইমামতি করেছেন আল-আকসার খতিব শেখ ইউসুফ আবু স্নেইনেহ।
ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তাজনিত কারণে মসজিদ চত্বরে উল্লেখযোগ্যসংখ্যক ইসরায়েলি পুলিশ মোতায়েন ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইন রমজানের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন। এরপর মুসলিমরা ধর্মীয় বিধি অনুযায়ী তারাবি নামাজ পড়তে সন্ধ্যার পর আল আকসা চত্বরে জড়ো হন।
আল আকসা মসজিদ অবস্থিত প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে। পূর্ব জেরুজালেম এক সময় স্বাধীন ছিল, কিন্তু ১৯৫৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জয়ী হয়ে অঞ্চলটি দখল করে। বর্তমানে পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরুর পর মুসলিমদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতির পর ইসরায়েলি কর্তৃপক্ষ কিছুটা শিথিলতা এনেছে।
-বেলাল










