এপ্রিলে রিংয়ে ফিরছেন ম্যানি প্যাকিয়াও, প্রতিপক্ষ রুসলান প্রোভোদনিকভ

ছবিঃ সংগৃহীত

বক্সিং কিংবদন্তি ম্যানি প্যাকিয়াও ঘোষণা দিয়েছেন, আগামী ১৮ এপ্রিল লাস ভেগাসে তিনি সাবেক জুনিয়র ওয়েল্টারওয়েট বিশ্বচ্যাম্পিয়ন রুসলান প্রোভোদনিকভ–এর মুখোমুখি হবেন। অবসর ভেঙে ফেরার পর এটি হবে তাঁর দ্বিতীয় লড়াই। ৪৭ বছর বয়সী প্যাকিয়াও সর্বশেষ গত জুলাইয়ে লড়েন। চার বছরের বিরতির পর রিংয়ে ফিরে তিনি বিশ্ব বক্সিং কাউন্সিলের ওয়েল্টারওয়েট চ্যাম্পিয়ন মারিও বারিওস–এর বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ ড্র করেন।

বুধবার আয়োজকদের এক বিবৃতিতে প্যাকিয়াও বলেন, “প্রতিবার লড়াইয়ে নামলে আমি ফিলিপাইনকে সঙ্গে নিয়ে নামি। দেশের মানুষ ও বিশ্বজুড়ে ভক্তদের সমর্থন আমাকে অনুপ্রাণিত করে।” লড়াইটি অনুষ্ঠিত হবে লাস ভেগাসের থমাস অ্যান্ড ম্যাক সেন্টারে, যেখানে নব্বইয়ের দশকে একাধিক বড় বক্সিং ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

২০২১ সালে প্রথম অবসর নেওয়ার পর গত বছর পেশাদার বক্সিংয়ে ফেরেন প্যাকিয়াও। রিংয়ের বাইরে তিনি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ সালে প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও সে প্রচেষ্টা সফল হয়নি।

আটটি ভিন্ন ওজনশ্রেণিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া একমাত্র বক্সার প্যাকিয়াও। ২০১৯ সালে ৪০ বছর বয়সে তিনি ওয়েল্টারওয়েট শ্রেণিতে সবচেয়ে বেশি বয়সী বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও অর্জন করেন। তাঁর পেশাদার রেকর্ডে রয়েছে ৭৩ লড়াইয়ে ৬২ জয়, ৮ হার ও ৩ ড্র।  উল্লেখ্য, ২০২৫ সালের ব্যাচে তাঁকে আন্তর্জাতিক বক্সিং হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

-বেলাল