আমার মতো এত সমালোচনা আর কেউ সহ্য করেনি-জন আব্রাহাম

জনপ্রিয় বলিউড অভিনেতা জন আব্রাহাম সম্প্রতি নিজের অভিনয় জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, কাজ করার সময় তিনি নারীদের তুলনায় পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে বেশি স্বচ্ছন্দ বোধ করেন।

পর্দায় পুরুষ তারকাদের সঙ্গে তার তৈরি রসায়ন দর্শকদের নজর কাড়ে। মজার ছলে তিনি স্মরণ করান, ‘দোস্তানা’ সিনেমায় তিনি অভিষেক বচ্চনের সঙ্গে একটি চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন, যা তার জন্য বিশেষ স্মরণীয় অভিজ্ঞতা ছিল।

জন আরও বলেন, অক্ষয় কুমার, শাহরুখ খান বা বরুণ ধাওয়ানের মতো তারকাদের তিনি কখনও প্রতিদ্বন্দ্বী মনে করেননি। তার মতে, সবাই সতীর্থ এবং একে অপরের ছবির ব্যবসায়িক সাফল্যকে দেখে হিংসা না করে একসঙ্গে এগিয়ে যাওয়াতেই বিশ্বাস রাখেন।

২০০৩ সালে বলিউডে পা রাখার সময় জনের চারপাশে শাহরুখ খান ও অক্ষয় কুমার ছাড়া তেমন প্রভাবশালী অন্য কেউ ছিল না। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রি তাকে বরাবর আলাদা করে দেখেছে এবং প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। নিজের কথায়, “আমার মতো এত সমালোচনা আর কেউ সহ্য করেনি।”

তবু এসব সমালোচনা জনকে থামাতে পারেনি। তিনি নিজেকে চোখে ঠুলি পরা ঘোড়ার সঙ্গে তুলনা করেছেন, যিনি ডানে-বায়ে তাকিয়ে সময় নষ্ট না করে শুধু নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান। কোনো পিআর বা লবিং ছাড়াই, সততার সঙ্গে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

অভিনেতার এই অভিজ্ঞতা প্রমাণ করে, বলিউডে স্থায়ী হতে হলে শুধু প্রতিভা নয়, ধৈর্য, সততা এবং নিজের লক্ষ্য নিয়ে অটল থাকা সবচেয়ে বড় শক্তি।

-বিথী রানী মণ্ডল