বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সদর উপজেলা ঘোষণা লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত দিনাজপুর সদর উপজেলা ঘোষণা করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি-২০২৬ বুধবার বেলা বারোটায় দিনাজপুর শহরের বালুবাড়ী পল্লীশ্রী প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভাটির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি।
অনুষ্ঠানে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, নির্বাহী সদস্য ও দৈনিক আলোকিত স্বদেশ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, “ ২০১৮’র আগে বিয়ে মানে দুঃখের হাওয়া বয় জীবনে”-এই বার্তাকে সামনে রেখে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে “আর নয় শিশুশ্রম, শিক্ষায় আলোকিত হোক শিশুর জীবন”-এই প্রতিপাদ্য বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অচিরেই দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করা সম্ভব হবে।
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর