দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসন থেকে এই প্রথম একজন সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্ব পেলেন। প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েই সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গত মঙ্গলবার বিকেলে ঢাকার জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় ডা. জাহিদ হোসেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক-এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র ব্যক্তিগত চিকিৎসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাধীনতার পর এই প্রথম দিনাজপুরের দক্ষিণাঞ্চল মন্ত্রিত্বের স্বাদ পেল বলে স্থানীয়দের অভিমত। ডা. জাহিদ হোসেন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর চার উপজেলায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ মনে করছেন, এ নিয়োগের মাধ্যমে জেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে এবং দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
–সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর)










