রুয়েটে ভর্তিতে ধীরগতি: প্রথম পর্যায় শেষেও ফাঁকা ৭৬২ আসন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। তবে মেধা তালিকার শীর্ষ সারিতে থাকা শিক্ষার্থীদের উপস্থিতির হার আশানুরূপ না হওয়ায় অর্ধেকেরও বেশি আসন এখনও শূন্য রয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ হাজার ২৩০টি সাধারণ আসনের বিপরীতে এ পর্যন্ত মাত্র ৪৬৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রুয়েট ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়:
ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগ: মোট ১ হাজার ২০০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৪৬১ জন। এখনও ৭৩৯টি আসন ফাঁকা রয়েছে।
স্থাপত্য বিভাগ: ৩০টি আসনের বিপরীতে মাত্র ৭ জন ভর্তি হয়েছেন। এখানে ২৩টি আসন শূন্য।
সংরক্ষিত আসন: ৫টি সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ২৩৫টি আসনের মধ্যে ৭৬২টি আসনই বর্তমানে শিক্ষার্থীহীন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের বুধবার ১৮ ফেব্রুয়ারি, বুধবার ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে ভর্তির নির্ধারিত ফি ১৮ হাজার ৫০০ টাকা প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ওই আসনটি পরবর্তী মেধাক্রমের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ভর্তি সংশ্লিষ্টদের মতে, গুচ্ছভুক্ত অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সমান্তরালে চলায় অনেক শিক্ষার্থী পছন্দের তালিকার শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। ফলে রুয়েটে প্রথম পর্যায়ে প্রায় দুই-তৃতীয়াংশ আসন ফাঁকা রয়ে গেছে। এই শূন্য আসনগুলো পূরণে শিগগিরই দ্বিতীয় পর্যায়ের মেধাতালিকা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
চলতি শিক্ষাবর্ষে পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদসমূহের অধীনে মোট ১৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। সাধারণ ১ হাজার ২৩০টি আসনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য ৫টি সংরক্ষিত আসন রাখা হয়েছে।
লামিয়া আক্তার