কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ফেরার পথে পাঁচ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া অংশ থেকে জেলেরা অপহৃত হন। তারা মাছ ধরা শেষ করে উপকূলে ফিরছিলেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর মালিকানাধীন ট্রলারটি মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে গেছে। অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন।
প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান বলেন, রাতের বেলায় পাঁচটি ট্রলার একসঙ্গে ফিরছিল। হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই স্পিডবোট এসে আরাকান আর্মির সদস্যরা একটি নৌকা ঘিরে ফেলে এবং পাঁচ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত সরে গিয়ে নিরাপদে ফিরে আসে। তিনি আরও বলেন, “আমরা প্রায়ই মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে যাই। এ কারণে মাঝে মাঝে জেলেদের ধরে নেওয়ার ঘটনা ঘটে।”
এ ঘটনায় শাহপরীর দ্বীপে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির কাছে ৬৭ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গাসহ ৭৩ জেলেকে দীর্ঘদিন পর ফেরত দিয়েছে আরাকান আর্মি। বিজিবি সূত্রে জানা গেছে, গত এক বছরে সাড়ে চার শতাধিক জেলেকে নাফ নদীর সীমানা থেকে অপহরণ করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। এর মধ্যে ২৮০ জনের বেশি ফেরত পেলেও বাকিদের কোনো হদিস নেই, ফলে তাদের স্বজনরা উদগ্রীব হয়ে রয়েছেন।
-এমইউএম










