লামায় অবৈধ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে লামা উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলায় দুইটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ মাইল গজালিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে SBM ব্রিকস (মালিক: আব্দুল্লাহ আল আরাফাত) এবং TMB ব্রিকস (মালিক: করিমুল মোস্তফা স্বপন)–কে দোষী সাব্যস্ত করা হয়। আইন অনুযায়ী SBM ব্রিকসকে ৩ লাখ টাকা এবং TMB ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

বান্দরবান প্রতিনিধি