আমি পরিষ্কার দেখতে পেয়েছি, ২৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় ভিনিকে পাঁচবার বলেছে ‘তুমি বানর’-এমবাপ্পে

বেনফিকার মাঠে প্রথমার্ধে কঠিন সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের নকআউটের প্রথম লেগে শেষ পর্যন্ত ১-০ গোলে জিতলেও তাদের এই সাফল্য ম্লান হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনায়। ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেছেন, প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। প্রায় ১০ মিনিটের জন্য ম্যাচও বন্ধ থাকতে হয়েছিল। কেন এমন ঘটনা ঘটল এবং নেপথ্যে কী মন্তব্য ছিল তা জানালেন কিলিয়ান এমবাপে।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড এমবাপে জানিয়েছেন, আর্জেন্টাইন খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে পাঁচবার ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে সমালোচনা করেছেন। এমবাপে বলেন, “আমি পরিষ্কার দেখতে পেয়েছি, ২৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় ভিনিকে পাঁচবার বলেছে ‘তুমি বানর’। প্রত্যেকের নিজস্ব মত থাকতে পারে, কিন্তু এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য। চ্যাম্পিয়ন্স লিগে খেলা চমৎকার, কিন্তু এমন দৃশ্য বিশ্ব ফুটবলের জন্য ভয়ঙ্কর।”

২০১৮ সালের বিশ্বকাপ জয়ী সাবেক পিএসজি ফরোয়ার্ড আরও বলেন, “আমি তাকে বর্ণবাদী মনে করেছি। সে জার্সিতে মুখ ঢেকে চেষ্টা করেছিল, কিন্তু তার চেহারা মিথ্যা বলে না। এই ধরনের ব্যক্তি পেশাদার ফুটবলার হতে পারে না। মাঠে একজন তরুণ খেলোয়াড়ের প্রতি এমন কথা বলা মেনে নেওয়া যায় না। এটি বড় সমস্যা, দেখা যাক কী হয়।”

ভিনিসিয়ুস এই ঘটনার শিকার হয়ে কিছুটা বিচলিত হলেও ম্যাচের কয়েক মিনিট আগে তিনি চমৎকার একটি গোল করেছেন। এমবাপে তার প্রশংসা করে বলেন, “সে চমৎকার একটি গোল করল, যা রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছে।”

শেষে এমবাপে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে উয়েফার কাছে কঠোর শাস্তি নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের যে বাচ্চারা ফুটবল দেখছে, তাদের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে। এই ধরনের আচরণ অসহনীয়। বেনফিকা বা তাদের কোচের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু এই ধরনের একজন খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগে খেলার কোনো অধিকার নেই। আমরা আশা করব উয়েফা ব্যবস্থা নেবে এবং এমন ঘটনা পুনরায় না ঘটে তা নিশ্চিত করবে। এটা গুরুতর ব্যাপার।”

-এমইউএম