৫ গোলের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মোনাকোকে হারাল পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে স্বাগতিক এএস মোনাকো-কে ৩-২ ব্যবধানে হারিয়েছে প্যারিস সাঁ-জার্মাঁ। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেয় লুইস এনরিকের দল।

ম্যাচের একেবারে শুরুতেই বিপাকে পড়ে পিএসজি। ৫৫ সেকেন্ডের মাথায় মাঝমাঠের ভুল থেকে সুযোগ নিয়ে গোল করেন ফোলারিন বালোগুন। আলেক্সান্দার গোলভিনের বাড়ানো বল থেকে হেডে জাল খুঁজে নেন তিনি। ১৮ মিনিটে আবারও পিএসজির রক্ষণভাগ ভেঙে নিজের দ্বিতীয় গোল করেন বালোগুন, ফলে ব্যবধান দাঁড়ায় ২-০।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে পিএসজি। পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি ভিতিনিয়া। ২৭ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন উসমান দেম্বেলে। তবে বদলি হিসেবে নামা তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ে ম্যাচে নতুন গতি আনেন। ৪১ মিনিটে তার শট প্রতিহত হলেও ফিরতি বলে গোল করেন আশরাফ হাকিমি। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও চাপে পড়ে মোনাকো। ৪৮ মিনিটে ভিতিনিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন আলেক্সান্দার গোলভিন। ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকদের বিপক্ষে আক্রমণের ঝাঁজ বাড়ায় পিএসজি। ৬৭ মিনিটে ওয়ারেন জায়ির-এমেরি-এর পাস থেকে নিচু শটে জয়সূচক গোলটি করেন দুয়ে—এটাই ছিল তার ম্যাচের দ্বিতীয় গোল।

পুরো ম্যাচে ৭৩ শতাংশ বলের দখল ও ২৯টি শট নিয়ে আধিপত্য দেখায় পিএসজি। এই জয় তাদের শেষ ষোলোয় ওঠার পথে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আগামী সপ্তাহে নিজেদের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

-এমইউএম