গাড়ি-বাড়ি ও চিকিৎসাসহ যেসব সুবিধা পাবেন নতুন মন্ত্রীরা

নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি, বাড়ি, বেতন এবং সম্পূর্ণ চিকিৎসা খরচসহ অন্তত ১৩ ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সংবিধানের ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও হুইপদের এই সুবিধাগুলো নির্ধারিত রয়েছে।

শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণা
বিগত সময়ে এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও রাজউকের প্লট বরাদ্দ দেওয়ার রেওয়াজ থাকলেও এবার তার ব্যতিক্রম হতে পারে। বিরোধী দল জামায়াতে ইসলামী আগেই এসব সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছিল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের বৈঠক শেষে ক্ষমতাসীন বিএনপিও একই ঘোষণা দিয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “জুলাই সনদের ৭৪ নম্বর ধারা অনুযায়ী নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যে জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব দিতে হবে। আমরা পর্যবেক্ষণ করব তারা এটি পালন করছেন কি না।”

বেতন ও আবাসন সুবিধা

  • বেতন: একজন পূর্ণ মন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তি মাসে ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রী ৯২ হাজার এবং উপমন্ত্রী ৮৬ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।

  • আবাসন: তারা সরকারি খরচে সুসজ্জিত বাসভবন পাবেন। সরকারি বাসায় না থাকলে মন্ত্রী মাসে ৮০ হাজার এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ৭০ হাজার টাকা ভাড়া পাবেন। বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোনের সব খরচ সরকার বহন করবে।

গাড়ি ও যাতায়াত
মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সরকারি পরিবহন পুল থেকে গাড়ি ও প্রতিদিন ১৮ লিটার জ্বালানি তেল পাবেন। সরকারি বা নির্বাচনী কাজে ভ্রমণের জন্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা থেকে জিপ গাড়ি ব্যবহার করতে পারবেন। দেশের ভেতরে ভ্রমণে দৈনিক ভাতা এবং বিমানে ভ্রমণের জন্য বছরে ১০ লাখ টাকার বীমা সুবিধাও রয়েছে।

চিকিৎসা ও আপ্যায়ন
মন্ত্রিপরিষদ সদস্যদের চিকিৎসার পুরো ব্যয়ভার সরকার বহন করবে এবং আইনে খরচের কোনো ঊর্ধ্বসীমা নেই। এছাড়া আপ্যায়নের জন্য মন্ত্রী মাসে ১০ হাজার, প্রতিমন্ত্রী সাড়ে ৭ হাজার এবং উপমন্ত্রী ৫ হাজার টাকা ভাতা পাবেন।

সহায়ক কর্মী ও এলাকার উন্নয়ন
মন্ত্রীরা তাদের পছন্দমতো একান্ত সচিব (পিএস), সহকারী একান্ত সচিব (এপিএস) এবং ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দিতে পারবেন। এছাড়া নির্বাচনী এলাকার দাতব্য কাজের জন্য মন্ত্রী বছরে ১০ লাখ, প্রতিমন্ত্রী সাড়ে ৭ লাখ এবং উপমন্ত্রী ৫ লাখ টাকার তহবিল পাবেন।

অন্যদিকে, সংসদ সদস্যদের (এমপি) মাসিক বেতন ৫৫ হাজার টাকা। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা এবং বাড়ি ভাড়া ১ লাখ টাকাসহ রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে তিনি আরও বিশেষ সুবিধাদি ভোগ করেন।

মোঃ আশরাফুল আলম