আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর বিপণিবিতান ও শপিংমলগুলোর নিরাপত্তা এবং যানজট নিরসনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সভায় শপিংমলের সামনে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
যানজট নিরসনে কঠোর পদক্ষেপ
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, “রমজানে যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশ সজাগ থাকবে।” ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “প্রতিটি শপিংমলের সামনে এবং আশপাশে যানজট এড়াতে আপনাদের নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হবে।”
অতিরিক্ত ফোর্স মোতায়েন
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, “ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট। এটি নিরসনে ট্রাফিক ও ক্রাইম বিভাগের সদস্যদের পাশাপাশি রমজানে অতিরিক্ত ফোর্স মাঠে থাকবে।” তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দরভাবে সম্পন্ন হবে।
সভায় ব্যবসায়ী প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা রমজানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিজেদের মতামত তুলে ধরেন।










