পাকিস্তানের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে খুন ও প্রতারণার অভিযোগ

দ্বিতীয় বিয়ের ঘোষণার পরই নতুন বিতর্কে জড়ালেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। নীরবতা ভেঙে সামাজিক মাধ্যমে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার প্রথম স্ত্রী সানিয়া আশফাক। বিশ্বাসঘাতকতার পাশাপাশি তিনি ইমাদের বিরুদ্ধে খুনের মতো গুরুতর অভিযোগও এনেছেন, যা ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে।

সোমবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সানিয়া জানান, এই পরিস্থিতির প্রভাব তার পরিবার ও সন্তানদের ওপর পড়েছে। তাই তিনি আর চুপ থাকতে পারছেন না। তিনি জবাবদিহি চান।

সানিয়া লেখেন, এখন সবাই প্রমাণ দেখেছে। এই ঘরভাঙা মানুষটি একবারও আমার বাচ্চাদের কথা ভাবেনি। প্রতারক অবশেষে সবার সামনে ধরা পড়েছে। আমি আমার সন্তানদের জন্য এবং আমাদের যা সহ্য করতে হয়েছে তার জন্য ন্যায়বিচার চাই।

এরপর তিনি আরও গুরুতর অভিযোগ তোলেন। সানিয়ার দাবি, ২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে ইমাদ তার সন্তান গর্ভপাত করিয়েছেন। তিনি লেখেন, সে একজন খুনি এবং আমার কাছে সেটা প্রমাণ করার ভিডিও আছে।

সানিয়া আরও বলেন, ইমাদ তার সঙ্গে প্রতারণা করেছেন। পাশাপাশি ইসলামাবাদ ইউনাইটেডকে উদ্দেশ করে লেখেন, এই খুনি ও প্রতারককে সুযোগ দেওয়া হয়েছে। তিনি দলটিকে বয়কট করার আহ্বান জানান।

এর আগে ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে জানান, তিনি নাইলা রাজাকে বিয়ে করেছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

প্রথম সংসার ভাঙার পরের সময়কে তিনি জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি বলে উল্লেখ করেন। ইমাদ বলেন, এই সময়ে চুপ থাকার কারণে নায়লাকে অন্যায়ভাবে বিচার করা হয়েছে এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে।

ইমাদ লেখেন, আল্লাহর রহমত ও আমার বাবা মায়ের দিকনির্দেশনায় আমি এখন নায়লাকে বিয়ে করেছি। অনেক ভেবে এবং পরিষ্কার উদ্দেশ্য নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে নতুন জীবন গড়তে চাই।

তিনি আরও যোগ করেন, নায়লা আমার জীবনে শান্তি, মর্যাদা ও শক্তি এনে দিয়েছে। আমি এই সিদ্ধান্তের পাশে দৃঢ়ভাবে আছি।

গত বছরের ডিসেম্বরে সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন ইমাদ ওয়াসিম। ২০১৯ সালে তাদের বিয়ে হয়েছিল। তাদের ঘরে তিন সন্তান রয়েছে।

-সাইমুন