মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের আলফাত স্কয়ারে হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির আয়োজনে হাওরে ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতি এবং বাঁধ নির্মাণে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল’র সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি আবু সাঈদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের অনেক বাঁধ অক্ষত ছিল। কিন্তু লুটপাট এবং দুর্নীতির উদ্দেশ্যে সেই অক্ষত বাঁধে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও বাঁধের কাজ এখন পর্যন্ত ৩০% সম্পন্ন হলেও, পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে ইতোমধ্যে ৬০% কাজ শেষ হয়েছে। বক্তারা বলেন, এই পার্সেন্টেজ অফিসে বসে করা হয়েছে যা একেবারেই ভুয়া।
বক্তারা আরও বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ না হলে জেলার ১২ টি উপজেলার কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আইনের আশ্রয় নেওয়া হবে।










