নাড়ু বিক্রেতা গফুরের ঘরে হামলা

রাজবাড়ী প্রতিনিধি মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, বাসে বাসে নাড়ু বিক্রেতা বৃদ্ধ দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহযোগিতা প্রাপ্ত বাসে বাসে নাড়ু বিক্রয়কারী বৃদ্ধ দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে অবস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ গফুর মল্লিকের বাড়িতে দুর্বৃত্তরা এ সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ওই দিন সন্ধ্যার অন্ধকার নামতেই দেশীয় অস্ত্র হাতে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে গফুর মল্লিকের বসতঘরে হামলা চালায়। টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করা হয়। আতঙ্কে স্তব্ধ হয়ে যায় পুরো বাড়ি। হামলাকারীরা ঘরে থাকা গফুর মল্লিকের জীবনের শেষ সম্বল, নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

নির্মমতা সেখানেই থেমে থাকেনি। একই রাতে হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তাণ্ডব চালিয়ে মালামাল ও অর্থ লুট করে নেয়। এতে অসহায় হয়ে পড়েছে দরিদ্র পরিবারটি।ঘটনার পর শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবেই এই হামলা ও লুটপাট চালানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে বাসে নাড়ু বিক্রি করে জীবন চালিয়ে আসছেন। চোখে আলো না থাকলেও হার মানেনি তার মনোবল। মানুষের দয়া আর নিজের শ্রমে চলা এই মানুষটির সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

-মামুন