ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে সাতপাক ঘোরা কথা ছিল সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের। দেশের মধ্যে সেই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা চললেও শেষ মুহূর্তে সব আয়োজন ভেস্তে যায়। স্মৃতির পরিবার বাবার অসুস্থতাকে এর কারণ হিসেবে দেখিয়েছে, এরপর পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও উঠে আসে।
তবে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন এবং আইনি জটিলতা আড়াল রেখে এবার পলাশ মুচ্ছল বলিউডে পরিচালক হিসেবে নতুন মিশনে নামছেন। তার পরিচালনায় একটি থ্রিলার ঘরানার সিনেমার কাস্টিংও প্রকাশ করা হয়েছে। সিনেমার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে শোনা যাচ্ছে এতে জুটি বাঁধবেন শ্রেয়স তালপাড়ে এবং ডেইসি শাহ। চিত্রনাট্য মুম্বই শহরের প্রেক্ষাপটে সাজানো হয়েছে, এবং শিগগিরই মায়ানগরীর বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে।
গত নভেম্বরে স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশের বিয়ে হওয়ার কথা থাকলেও বিয়ের দিন সকালেই সম্পর্কের ইতি ঘটে। এরপর আড়াই মাসে পলাশের জীবনে নানা ঝড় আসে। বিশেষ করে ‘নাজারিয়া’ সিনেমা নির্মাণের প্রলোভন দেখিয়ে এক প্রযোজকের কাছ থেকে ৪০ লাখ রুপি নিয়ে প্রতারণার অভিযোগে তাকে আদালতের মুখোমুখি হতে হয়। ওই প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সম্প্রতি বোম্বে হাই কোর্ট ওই মামলায় সংশ্লিষ্ট প্রযোজককে পলাশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন।
-বিথী রানী মণ্ডল










