ঢাকায় বিশ্বনেতাদের পদচারণা: শপথে অনুষ্ঠানে যোগ দিতে আসলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সাক্ষী হতে আজ ঢাকায় নেমেছে বিশ্বনেতাদের ঢল। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অন্তর্বর্তী সরকারের বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে প্রেসিডেন্টের আগমনের খবরটি নিশ্চিত করা হয়েছে।
শুধু মালদ্বীপ নয়, দক্ষিণ এশিয়া ও তার বাইরের প্রভাবশালী দেশগুলোর প্রতিনিধিরা আজ ঢাকায় উপস্থিত হয়েছেন। পাকিস্তান থেকে পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ বিকেলে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসাও গতকালই ঢাকায় পা রেখেছেন।
অন্যদিকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বারিস ইকিঞ্চির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং যুক্তরাজ্যের প্রতিনিধি সীমা মালহোত্রাও অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ১৩টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের এই ব্যাপক উপস্থিতি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের জোরালো আস্থার প্রতিফলন। বিশেষ করে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু তাঁর ৩ দিনের এই সফরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ বৈঠকে বসবেন বলে দেশটির প্রেসিডেন্ট দফতর থেকে জানানো হয়েছে।
সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। এখন সবার প্রতীক্ষা বিকেল ৪টার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথির সামনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। মালদ্বীপের প্রেসিডেন্টসহ সকল বিদেশি অতিথিরা এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে উপস্থিত থাকবেন।
লামিয়া আক্তার