জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন এবং ভোট নিয়ে উত্থাপিত অভিযোগসমূহের বস্তুনিষ্ট তদন্ত করতে হবে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জুলাই সনদ দেশের সকল রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার পরে তৈরি এবং সকলের সম্মতিতে সাক্ষরিত একটি দলীল যা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার প্রতিফলন।
জনগণও গণভোটের মাধ্যমে এর প্রতি সম্মতি জানিয়েছে। এই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনী ও নৈতিক দায়িত্ব। তাই জুলাই সনদের নির্দেশনামতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনোত্তর দলীয় পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, কে এম আতিকুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব গোলাম মসিহ, বরগুনা-১ এর এমপি মাওলানা অলিউল্লাহ মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলনের আমীর বলেন, নির্বাচনে অনেক আসনে নানারকম অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এজেন্ট বের করে দেয়া হয়েছে, শিটে কাটাকাটি, অকারণে ভোট বাতিলসহ অনেক রকম অভিযোগ উঠেছে। এইসকল অভিযোগকে আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করতে হবে এবং কোথায় অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেই আসনের নির্বাচন নিয়ে আইনী ব্যবস্থা নিতে হবে।
–বায়েজীদ










