শান্তি-সম্প্রীতির অঙ্গীকারে দীঘিনালায় ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩ বছর

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইউনিট ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দীঘিনালা জোনে আয়োজিত এ কর্মসূচি সামরিক গৌরব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের এক প্রতীকী প্রকাশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় দিবসটি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অন্যান্য জোন কমান্ডার, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা, দীঘিনালা সরকারি কলেজের অধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ‘দি বেবী টাইগার্স’ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক দায়িত্ববোধের সমন্বয়ে এই ইউনিট আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি স্মারক দিবস নয় এটি অতীতের সাফল্যকে স্মরণ করে নতুন অঙ্গীকারে এগিয়ে যাওয়ার দিন। সৈনিকদের মনোবল বৃদ্ধি এবং বাহিনীর ঐক্য সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মোঃ লোকমান হোসেন, উপজেলা