কাউখালীতে বিনামূল্যে অ্যান্টি-র‍্যাবিস (ARV) ভ্যাকসিন প্রদান শুরু

কাউখালী উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে অ্যান্টি-র‌্যাবিস (ARV) ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ ও অ্যান্টি-র‌্যাবিস টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো সঠিক চিকিৎসা ও পূর্ণ ডোজ অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন গ্রহণ করলে এ রোগের ঝুঁকি প্রায় সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব।

তাই কোনো ব্যক্তি প্রাণীর কামড়ে আক্রান্ত হলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে ক্ষতস্থান সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, এই বিনামূল্যের টিকাদান কার্যক্রমের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ উপকৃত হবেন এবং জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

দর্শন চাকমা, রাঙ্গামাটি