২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে ধানের শীষের প্রতীকে ঐতিহাসিক বিজয়ের পর রাজধানী ঢাকায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন রাঙামাটি জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাঙামাটি জেলা বিএনপির শীর্ষ নেতাদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এই শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
বিজয় পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা স্বাধীনতার ঘোষক ও দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় রাঙামাটির এই বিজয়কে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের একটি মাইলফলক হিসেবে অভিহিত করা হয়।
মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, পাহাড়ের মানুষের অকুন্ঠ সমর্থনে ধানের শীষের এই বিজয় প্রমাণ করেছে যে জনগন সুশাসন ও গণতন্ত্রের পক্ষে। এই বিজয় তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং ও দেশনেত্রী মরহুমা খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










