চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে গ্রুপ পর্বে দ্বৈরথে পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। একপেশে এই ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স অসহায় আত্মসমর্পণের মতো ছিল এবং তীব্র সমালোচনার মুখে পড়েছে দলটি। সাবেক পেসার শোয়েব আখতার বিশেষভাবে পিসিবি প্রধান মহসিন নাকভি এবং বাবর আজম–কে কঠোর সমালোচনা করেছেন।
শোয়েব আখতার এবিপি নিউজ-কে বলেন, “আমরা ম্যাচে কোনোভাবেই উপস্থিত ছিলাম না। শাহীন আফ্রিদি ১২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করছিল, যা আধুনিক ক্রিকেটের চাহিদা পূরণ করে না। এরা সেই প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারে। গত ১৫-২০ বছরে কোনো বিনিয়োগ হয়নি। একসময় আমরা ভারতের সমানে সমান খেলতাম, আজ তাদের হারানোর স্বপ্নও দেখা মুশকিল।”
রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের ভাষ্য, “একজন লোক যিনি কিছুই জানেন না, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। দল কীভাবে চলবে? আর আপনি এমন একজন খেলোয়াড়কে সুপারস্টার বানিয়েছেন (বাবর আজম) যে ম্যাচ জেতাতে পারছে না। অযোগ্য ব্যক্তিদের হাতে নির্দিষ্ট দায়িত্ব তুলে দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ।”
ম্যাচে পাকিস্তান টস জিতে ফিল্ডিং নিয়েছিল। শুরুতে ভারতের ওপেনার অভিষেক শর্মা আউট হন, তবে ইশান কিষাণ ৪০ বলে ৭৭ রান করে ভারতকে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দুঃস্বপ্ন দেখেছে প্রথম দুই ওভারে ১৩ রানে তিন উইকেট হারায়। বাবর আজম সাত বলে মাত্র ৫ রান করে ৩৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন। কিছুটা লড়াই দেখায় উসমান খান ৪৪ রানের ইনিংস দিয়ে, তবে ১৮ ওভারে পাকিস্তান ১১৪ রানে অলআউট হয়।
-এমইউএম










