রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মাহিম মিয়া (১৫) নামে মাদ্রাসা শিক্ষার্থী নিহত এক হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করে।
নিহত মাহিম স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো। সে কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামের দীন ইসলামের ছেলে। বর্তমানে কাজলা এলাকায় বসবাস করতো বলে জানা গেছে।
নিহতের বন্ধু রায়হান জানায়, রাত পৌনে ১১টার দিকে মাহিম কাজলায় এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। এ সময় স্কুল গলিতে ১০-১২ জন কিশোর তাকে পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
সে আরও জানায়, পরে স্বজনদের খবর দেওয়া হলে ভগ্নিপতি রাফিসহ তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কারা বা কী কারণে তাকে হত্যা করেছে- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
-সাইমুন










