নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ২০টি নির্দেশনা জারি করেছে।
বুধবার অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, কর্মকর্তারা অফিস ব্যবস্থাপনা উন্নত রাখবেন, ফসলের সঠিক পরিসংখ্যান ধারণ ও কৃষি প্রযুক্তিতে দক্ষ হবেন।
সার ব্যবস্থাপনা, কৃষি উপকরণ বিতরণ ও মাটির স্বাস্থ্য রক্ষায় জৈবসার ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস, ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রম দক্ষতার সঙ্গে বাস্তবায়ন এবং স্থানীয় অন্যান্য দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করার নির্দেশনা রয়েছে।
অফিস এলাকা পরিচ্ছন্ন রাখা, সরকারি সম্পদ সঠিকভাবে ব্যবহার, সম্ভাবনা ভিত্তিক ৫টি উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নীতিমালা অনুসরণ করার কথাও বলা হয়েছে। বিশেষভাবে, চলমান বোরো আবাদ নির্বিঘ্নে সম্পাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ডিএই এর মহাপরিচালক মো. আব্দুর রহিম কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হলে ডিএই এর মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশের কৃষি খাত ও কৃষকের জীবনমান উন্নত হবে।
-সাইমুন









