নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে নাসিক সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকায় শাহনাজ বেগমের নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। তিনি জানায়, উদ্ধার হওয়া নারীর পরনে কালো রঙের বোরকা ছিল। ধারণা করা হচ্ছে, মরদেহটি সাত থেকে আট দিন আগের। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহে পচন ধরেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাড়ির ভেতরে গিয়ে সেপটিক ট্যাংকের মধ্যে মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ও পিবিআই। তবে মরদেহে পচন ধরায় আঙুলের ছাপ মিলিয়ে দেখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল বারিক। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
-সাইমুন










