জেলেই চোখ পরীক্ষা, মানতে রাজি হয়নি ইমরান খানের দল পিটিআই

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, তার ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টি কমে গেছে। বিষয়টি সামনে আসতেই দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে দেখা করেন তার দলের একজন আইনজীবী। তিনি জেলে গিয়ে ইমরান খানের থাকার অবস্থা ও শারীরিক পরিস্থিতি দেখেন। সেই বৈঠকেই ইমরান খান চোখে কম দেখার কথা জানান।

এরপর আদালত নির্দেশ দেয়, ৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ চিকিৎসা পরীক্ষা করতে হবে। সময়সীমা ছিল ১৬ ফেব্রুয়ারির আগেই। সেই নির্দেশ অনুযায়ী রবিবার একদল চিকিৎসক জেলে গিয়ে তার চোখ পরীক্ষা করেন। প্রায় এক ঘণ্টা ধরে এই পরীক্ষা চলে। এ সময় রক্তের নমুনাও নেওয়া হয়।

তবে ইমরান খানের দল পিটিআই এই চিকিৎসা পরীক্ষা মানতে রাজি হয়নি। দলটির দাবি, পরিবারের সদস্য ও ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ছাড়া এভাবে পরীক্ষা গ্রহণযোগ্য নয়। তাদের ভাষায়, সরকারের এই উদ্যোগ ‘উদ্দেশ্যপ্রণোদিত’।

পিটিআই আরও বলেছে, চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইমরান খানের পরিবারের। পরিবারের উপস্থিতি ছাড়া এমন সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। শুধু দলীয় নেতাদের ডেকে এনে বিষয়টি দেখানোর চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগও করেছে তারা।

উল্লেখ্য, গত মাসে ইমরান খানকে ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার চোখে একটি অস্ত্রোপচার করা হয়। কিন্তু এরপরও দৃষ্টি কমার অভিযোগ করেন তিনি। তাই পরিবার ও দল চায়, তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হোক।

২০২৩ সালের ৫ আগস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে ইমরান খান কারাগারে আছেন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তাযুক্ত আদিইলা কারাগারে বন্দি।

-সাইমুন