শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান

ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তানের। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান। পরের ওভারে সাইম আইয়ুব ও সালমান আলী আগাকে সাজঘরের পথ ধরান জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় ওভারের মধ্যে গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩ রানে। এখন ব্যাট করছেন বাবর আজম ও উসমান খান।

এর আগে, কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া।

-সাইমুন