মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তার কন্যা আনায়ার ছবি। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন তিনি।

একটি ছবিতে দেখা যায়, অপূর্ব স্নেহভরে মেয়েকে কোলে নিয়ে আছেন। আরেক ছবিতে অপূর্বের পাশে তার স্ত্রী শাম্মা দেওয়ান এবং তাদের কন্যা আনায়াক। পারিবারিক আবহের উষ্ণ মুহূর্তে তোলা ছবিগুলো ভক্তদের নজর কাড়ে।

ছবির ক্যাপশনে অপূর্ব লেখেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’ ছবি পোস্টের আট ঘণ্টার মধ্যে ১৫ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়ে এবং দেড় শতাধিক মন্তব্য জমা হয়।

আঞ্জেলিনা নামে এক অনুরাগী মন্তব্য করেন, ‘কী যে মন ভালো করা একটা ছবি।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘মেয়ের জন্য দোয়া করি।’

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের কন্যা আনায়ার জন্ম হয়। এর আগে ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ২০২০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে। অদিতির আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেও বিয়ে করেছিলেন অপূর্ব তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

মাহমুদ সালেহীন