ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানায়, শপথ বাক্য পাঠের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা একদিন সৌধ প্রাঙ্গণে এসে বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন-এটি দীর্ঘদিনের রাষ্ট্রীয় প্রথা।
এবারও শপথ গ্রহণের পর যে কোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা স্মৃতিসৌধে আসবেন। তাদের আগমনকে কেন্দ্র করে সৌধ প্রাঙ্গণের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রোববার থেকে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে ঠিক কোন তারিখে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শ্রদ্ধা নিবেদন করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, যেদিন পুষ্পস্তবক অর্পণ সম্পন্ন হবে, সেদিন পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
-বেলাল










