দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ব্যাটারিচালিত অটো (মিশুক) ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ আসার পথে রামেশ্বরপুর মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার চৌধুরী গোপালপুর গ্রামের মো. ইকরামুল হক (৫৮) ডুগডুগি বাজারে অটো নিয়ে অবস্থান করছিলেন। এ সময় ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি যাত্রী সেজে রাণীগঞ্জ বাজার যাওয়ার জন্য তার অটো ভাড়া করে। রাণীগঞ্জ মহিলা কলেজ এর কাছাকাছি রামেশ্বরপুর মোড়ে পৌঁছালে যাত্রী সেজে থাকা এক ব্যক্তি চালকের মুখ চেপে ধরে তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে রাস্তার নিচে ফেলে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার ব্যাটারিচালিত অটো মিশুকটি নিয়ে দুইজন পালিয়ে যায়।
এ সময় চালক নিজে উঠে ছিনতাইকারী মোস্তাককে জড়িয়ে ধরে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই ছিনতাইকারীকে আটক করে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুন্দারামপুর গ্রামের বাসিন্দা মো. মোস্তাক (৫৬), পিতা মৃত্যু মোকলেছার রহমানকে আটক করে।
ছিনতাইকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শহিদুল ইসলামের নেতৃত্বে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। পরে কুন্দারামপুর এলাকা থেকে লুণ্ঠিত অটো মিশুকটি উদ্ধার করা হয়।
এ মামলায় আরও দুইজন আসামি পলাতক রয়েছেন। তারা হলেন-মো. সুমন মিয়া (৩২), পিতা নজরুল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম (৫৭), পিতা মোহাম্মদ আলতাফ ফকির। উভয়ের বাড়ি কুন্দারামপুর গ্রামে। মামলার বাদী সিএনজি চালক আব্দুল সামাদ (চৌধুরী গোপালপুর)। মামলা নম্বর ০৪।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির দখল থেকে লুণ্ঠিত অটো উদ্ধার করা হয়েছে এবং তাকে ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
-সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর)










