বগুড়ার গাবতলীতে একজনকে কুপিয়ে হত্যা

উপজেলার সন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম (৪০), তিনি ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে।

শনিবার রাতে বগুড়ার গাবতলীতে বাড়ির সামনে এ হত্যাকাণ্ড হয়।

নিহতের মেয়ে সাদিয়া জানান, শনিবার রাতেও তার বাবা, যেভাবে প্রতিদিন বাড়ি ফিরতেন, সেই সময় গভীর রাতে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ভোর পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি এবং মোবাইল ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে জমিতে রক্তাক্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করেছে। তার গোলা ও মাথা সহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

-শফিকুল ইসলাম বাবলু, বগুড়া