নির্বাচনের আগমুহুর্তে দুঃসংবাদ পেলেন বিএনপির আট নেতা

নির্বাচনের শেষসময়ে এসে বরিশালের গৌরনদী উপজেলা ও ইউনিয়ন বিএনপির পাঁচজন এবং আগৈলঝাড়া উপজেলার তিনজন বিএনপি নেতাকে বহিস্কার করা হয়েছে। সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিস্কার করা হয়।

বহিস্কৃত বিএনপি নেতারা হলেন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার সাদাত তোতা, আহবায়ক কমিটির সদস্য আব্দুল আউয়াল লোকমান, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম ফকির, যুগ্ন আহবায়ক আনোয়ার সরদার ও বাটাজোর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকতার হোসেন বাবুল।

জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য তাদের সকলকে স্ব-স্ব পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান জানিয়েছেন, বহিস্কারের নোটিশ ইতোমধ্যে প্রত্যেকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগেরদিন আগৈলঝাড়া উপজেলা বিএনপির তিন নেতাকে বহিস্কার করা হয়েছে। তারা হলেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. মাহাবুবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাশেদুল ইসলাম টিটন এবং গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিম।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশীর আহম্মেদ পান্না বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বহিস্কৃত ওই আটজন নেতা চলমান ত্রয়োদশ জাতীয় নির্বাচনী প্রক্রিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয় না থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বহিস্কৃত সদস্য ও বরিশাল-১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষে কাজ করছেন।

এ বিষয়ে সদ্য বহিস্কৃত বাটাজোর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকতার হোসেন বাবুল বলেন, বিষয়টি আমি এখনও জানিনা। তবে বহিস্কার করলেও ভোটের মাঠে এরকোন প্রভাব ফেলবেনা।

মনির হোসেন, বরিশাল