বিএনপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনির মনোনয়নপত্র নিতে কালক্ষেপণের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মনোনয়নপত্র দেওয়ার সময় হট্টগোল সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

তবে সবশেষ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নুরুল ইসলাম মনি মনোনয়নপত্র জমা দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন নুরুল ইসলাম মনি।

সেখানে তিনি অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে আমি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে আমাকে দীর্ঘ সময় বসিয়ে রেখে কালক্ষেপণ করা হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছি, এসে দেখি ‍ ইউএনও ওয়াশরুমে যাওয়ার কথা বলে তার রুম ত্যাগ করেন। প্রায় আধা ঘণ্টা পার হলেও তিনি তার কার্যালয়ে ফিরে আসেনি। অন্য রাজনৈতিক নেতাদের এজেন্ডা বাস্তবায়নে এমনটা ইউএনও এমনটা করেছেন বলে আমার ধারণা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা ইউএনও ইশরাত জাহানের অপসারণ দাবি করছি।

অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউএনও ইশরাত জাহান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আপনারা যা দেখেছেন, সেটাই ঘটেছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।”

পাথরঘাটা থানার ওসি মংচেনলা জানান, ঘটনার সময় আামি সেখানে উপস্থিত ছিলাম। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ নেওয়া হয়েছে এবং অনন্যা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার মুঠোফোনে সাংবাদিকদের জানান, ঘটনার বিষয় তিনি অবগত হয়েছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মামুন/