নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুবেরগাঁও এলাকায় আরিফ উল ইসলাম মৃধার নিজ বাড়িতে যান মনজুর এলাহী। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে কুশল বিনিময় হয়। নির্বাচনে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে মিষ্টিমুখ করান তারা।
এ সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখ করার মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ছবিগুলোতে দুই প্রার্থীর হাস্যোজ্জ্বল ও আন্তরিক উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এলাকাবাসী বলছেন, নির্বাচন-পরবর্তী এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মনজুর এলাহীর এই উদ্যোগের প্রশংসা করে মন্তব্য করছেন, যা শিবপুরের রাজনীতিতে নতুন ইতিবাচক সংস্কৃতির ইঙ্গিত বহন করে।
আরিফুল আলম আশিক,শিবপুর,নরসিংদী।









