আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিনদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।
সাপ্তাহিক ছুটিসহ ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বন্দর সচল হয়।
হিলি কাস্টমস সুপার এম আর জামান বাঁধান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন উপলক্ষে নির্ধারিত ছুটি শেষে আজ থেকে ভারতীয় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ইতোমধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। সেগুলো আনলোড করে দেশীয় ট্রাকে লোড দিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে। বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রমও স্বাভাবিক হয়েছে।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন বন্দর বন্ধ ছিল।
নির্ধারিত ছুটি শেষে ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে পুনরায় ভারতীয় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
-বেলাল










