সদ্য অনুষ্ঠিত গণভোটে দেশের ৬২ দশমিক ৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ এবং ২৯ দশমিক ৩২ শতাংশ ভোটার ‘না’-এর পক্ষে মত দিয়েছেন। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ জয়ী হলেও ১১টি আসনে ‘না’ ভোট বিজয়ী হয়েছে। দেশজুড়ে ‘হ্যাঁ’ দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে থাকলেও ফল প্রকাশের পর হিসাবসংক্রান্ত কিছু অসংগতি সামনে আসে, যা পরে নির্বাচন কমিশন সংশোধন করে।
রাজশাহী-৪ আসনে বিভ্রান্তি
প্রথম ঘোষিত ফলাফলে রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার দেখানো হয় ২৪৪ দশমিক ২৯৫ শতাংশ, যা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। ওই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন হলেও কাস্ট ভোট দেখানো হয় ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। সেখানে ‘না’ ভোট ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৫ হাজার ৩৮২ উল্লেখ করা হয়।
বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে নির্বাচন কমিশন সংশোধিত ফল প্রকাশ করে। নতুন তথ্যে কাস্টিং হার দেখানো হয় ৭২ দশমিক ৫৯ শতাংশ এবং মোট কাস্ট ভোট ২ লাখ ৬ হাজার ৬১১। তবে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যায় অসামঞ্জস্য রয়ে গেছে বলে পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন।
উল্লেখ্য, এই আসনের সংসদ সদস্য হলেন আবদুল বারী সরদার, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ-১ আসনে হারের গরমিল
সিরাজগঞ্জ-১ আসনে প্রথম ঘোষণায় গণভোটের কাস্টিং হার দেখানো হয় মাত্র ৭ দশমিক ৮৯৯ শতাংশ। অথচ একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে ভোট পড়েছিল ৬০ দশমিক ৮৩ শতাংশ।
পরে সংশোধিত তথ্যে গণভোটের হারও ৬০ দশমিক ৮৩ শতাংশ দেখানো হয়। এ আসনে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেলিম রেজা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী।
সারাদেশের ফলাফলে সংশোধন
জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আয়োজিত এই গণভোটে প্রথম ঘোষণায় দেশজুড়ে ‘হ্যাঁ’-এর পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’-এর পক্ষে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট দেখানো হয়। ২৯৯টি সংসদীয় আসনে গড় কাস্টিং হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
পরবর্তীতে সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ’-এর পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৬৬০ এবং ‘না’-এর পক্ষে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ ভোট দেখানো হয়। একই সঙ্গে গড় কাস্টিং হার সংশোধন করে ৬০ দশমিক ৮৪ শতাংশ নির্ধারণ করা হয়।
সব মিলিয়ে, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের নিরঙ্কুশ জয় অক্ষুণ্ন থাকলেও ফল প্রকাশে পরিসংখ্যানগত ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে। সংশোধনের পরও কিছু অসামঞ্জস্য রয়ে গেছে কি না—তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
-এমইউএম










